শিমুল বাগান ও যাদুকাটা নদীর নির্জনতায় এক বসন্ত বেলা

শিমুল বাগান ও যাদুকাটা নদীর নির্জনতায় এক বসন্তবেলার গল্প।
শিমুল গাছের নিচে শুয়ে আছি। মাথার ওপর নরম পাতায় ছায়া, সামনের দিকে ধীরে ধীরে বয়ে চলেছে শান্ত যাদুকাটা নদী। তার ওপারে মেঘালয়ের সবুজ পাহাড়ের সারি যেন এক নিরব কবিতা। হালকা বাতাস গায়ে এসে লাগছে, আর চারপাশে এক অপূর্ব নীরবতা। কোনো কোলাহল নেই, নেই পর্যটকদের ভিড় এমন নির্জনতা যেন প্রকৃতির একান্ত আমন্ত্রণ।

শিমুল বাগানকে সবাই চেনে বসন্তে আগুনরঙা শিমুল ফুলের জন্য। কিন্তু এই নিরব সবুজেও এর সৌন্দর্য একটুও কম নয়। ফুল ঝরে যাওয়ার পর পুরো বাগান সবুজ পাতায় ভরে উঠে। এই সময়টাতে খুব কম মানুষ এখানে আসে, তাই প্রকৃতিকে একদম নিজের মতো করে উপভোগ করা যায়। এ যেন প্রকৃতির কোলে কিছুটা সময় থেমে থাকার সুযোগ।

থেকে যাই?

কোথায় এই শিমুল বাগান?
শিমুল বাগান অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায়, যাদুকাটা নদীর তীরে। এটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি একটি জায়গা। নদীর ওপারে দেখা যায় ভারতের মেঘালয়ের পাহাড়।

কিভাবে যাবেন?
ঢাকা থেকে যাত্রা:
সড়কপথে বাসে বা নিজস্ব পরিবহনে সুনামগঞ্জ পর্যন্ত যেতে হবে (ঢাকা থেকে প্রায় ৬-৭ ঘণ্টা)।
সুনামগঞ্জ শহর থেকে অটো বা রিজার্ভ বাইক/সিএনজি করে তাহিরপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা (প্রায় ১.৫-২ ঘণ্টা)।
তাহিরপুর থেকে নৌকায় বা বাইকে করে যাদুকাটা নদী পার হয়ে পৌঁছাতে পারবেন শিমুল বাগানে।

কবে যাবেন?
বসন্ত (ফেব্রুয়ারি-মার্চ): পুরো বাগান আগুনরঙা শিমুল ফুলে রাঙে। এটাই মূল মৌসুম।
গ্রীষ্মের শুরুতে (এপ্রিল-মে): ফুল ঝরে গিয়ে বাগান সবুজে মোড়া থাকে, ভিড় থাকে না, প্রকৃতি থাকে নিঃশব্দে।

আশেপাশে দর্শনীয় স্থান:

  • যাদুকাটা নদী।
  • নীলাদ্রী লেক
  • লাকমা ছড়া
  • বারিক টিলা।
  • লাউড়ের গড়।
  • টেকেরঘাট চুনাপাথরের পাহাড়।
  • টাঙুয়ার হাওর (সিজন অনুযায়ী)।

টিপস:
সকালে বা বিকেলে আসলে আলো ভালো পাওয়া যায় ছবি তোলার জন্য।
স্থানীয় গাইড নিলে নদী পারাপার ও আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখা সহজ হয়।
ফেব্রুয়ারিতে গেলে ফুল ফোটার সময় স্থানীয় উৎসবের আবহও পাওয়া যেতে পারে।

সাথে যা রাখবেন:

  • পানির বোতল, হালকা খাবার।
  • ছাতা বা ক্যাপ (রোদ থাকলে)।
  • ক্যামেরা বা মোবাইল (ছবির জন্য)।

পরিবেশের প্রতি শ্রদ্ধা রেখে কোনোরকম প্লাস্টিক বা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।

ছবি তুলেছেন: আবু সাইদ ভাই
#TourDesh_57 #TourDesh